স্বাস্থ্যকর্মীদের টানা কর্মবিরতি

আশুগঞ্জে টিকাদান কর্মসূচি বন্ধ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:০৭

বেতনবৈষম্য নিরসন ও গ্রেড পরিবর্তনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের টানা ১২ দিন কর্মবিরতির কারণে আশুগঞ্জের আটটি ইউনিয়নের ১৬৮টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। রবিবারের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিও বন্ধ ছিল। সরেজমিনে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আন্দোলনকারীরা কাজে যোগ না দিয়ে কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি পালন করছেন। উপজেলার চরচারতলা গ্রামের গৃহবধূ শাহিনুর বেগম জানান, চলতি সপ্তাহের মধ্যে তার দেড় বছর বয়সি শিশুটির পরবর্তী ডোজের টিকা দেওয়ার কথা। কিন্তু সবকটি কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। আশুগঞ্জ দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি সহকারী স্বাস্থ্য পরিদর্শক আজম খান বলেন, দাবি আদায় না হলে তাদের পক্ষে হাম-রুবেলা টিকাদানে অংশ নেওয়া সম্ভব হবে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা জানান, এই মুহূর্তে হাম-রুবেলাসহ ইপিআই সব কার্যক্রম বন্ধ রয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাদের অবস্থান থেকে সরে না এলে বিকল্প ব্যবস্থায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।