হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জে বরিশাল-রাজশাহী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:১১

বঙ্গবন্ধু টি-২০ কাপের পয়েন্ট টেবিলের তলানীর দুই দল মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। ৬ ম্যাচে রাজশাহীর জয় দুটি। ৫ ম্যাচে বরিশারের জয় একটি। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচগুলো দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। এমন চ্যালেঞ্জকে সঙ্গী করে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। মিরপুর স্টেডিয়ামে রাজশাহী-বরিশাল ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০ টায়।

দিনের অপর ম্যাচটি বেশ হাইভোল্টেজ লড়াইয়ের আভাস দিচ্ছে। গাজী গ্রুপ চট্টগ্রামের বিরুদ্ধে খেলবে জেমকন খুলনা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। খুলনার হয়ে আজ খেলতে দেখা যেতে পারে মাশরাফি বিন মুর্তজাকে। গত ম্যাচে হারা চট্টগ্রাম জয়ের রথে ফেরার টার্গেটেই মাঠে নামবে।

দুই দলই টানা হারের বৃত্তে রয়েছে। বরিশাল টানা ৩, রাজশাহী টানা ৪ ম্যাচ হেরেছে। তাই দল হিসেবে ঘুরে দাঁড়ানোও আবশ্যক। বোলাররা ভালো করলেও ব্যাটিংয়ে ভুগছে বরিশাল। তামিম ইকবাল ছাড়া কেউ বলার মতো রান করতে পারছেন না। রাজশাহী খুব কাছাকাছি রয়েছে বলে আজকের ম্যাচটিকে ‘ফাইনাল’ মনে করছেন বরিশালের পেসার আবু জায়েদ রাহী।

গতকাল বিসিবি একাডেমি মাঠে ডানহাতি এই পেসার বলেছেন, ‘আসলে আমাদের জন্য কালকের (আজ) ম্যাচটাই খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টে এমন একটা দল প্লে-অফে যাবে যারা দুইটা বা তিনটা ম্যাচ জিতেছে। তো আমাদের জন্য মনে হয় ফাইনাল ম্যাচটা কালকে (আজ)।’

ব্যাটিং ভালো হচ্ছে না বরিশালের। রাহী চাইছেন, বল হাতে ব্যাটসম্যানদের আরো সহযোগিতা করতে। প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে। ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা তার। গতকাল বলেছেন, ‘রান হচ্ছে না ঠিক আছে। আমরাও যদি অন্যান্য দলের মতো ৮০ বা ১২০-এর ভেতর কোন দলকে অলআউট করতে পারতাম তাহলে ব্যাটসম্যানরা ছন্দে ফিরত, দলও জিতত। আমরা বোলিং ইউনিটেও আহামরি ভালো করতে পারতেছি না। ১৬০-৭০ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি এটা ১৪০ বা তার নিচে রাখতে পারতাম তাহলে হয়তো আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো হত।’ সাইফউদ্দিন ফেরায় রাজশাহী আগের চেয়ে শক্তিশালী এখন। প্লে-অফের পথে এগিয়ে যেতে আজ জয় তুলে নিতে মুখিয়ে থাকবে শান্তর দলও।

আজকের খেলা

বরিশাল-রাজশাহী, দুপুর ১টা ৩০ মিনিট। চট্টগ্রাম-খুলনা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)