টেস্ট র্যাংকিংয়ে চারে ফিরলেন সাকিব

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:১১

নিষিদ্ধ হওয়ার আগে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের সর্বশেষ র্যাংকিংয়ে তৃতীয় স্থানে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম র্যাংকিং হালনাগাদে বাংলাদেশের সাবেক অধিনায়ক চার নম্বরে আছেন। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শেষে গতকাল সোমবার র্যাংকিং হালনাগাদ করে আইসিসি। তাতে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৬। হ্যামিল্টন টেস্টে ব্যর্থতার সুবাদে শীর্ষস্থান হারিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। যার ফলে শীর্ষে ফিরেছেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিলেন হোল্ডার। স্টোকস এখন এগিয়ে আছেন ১২ পয়েন্টে। তার পয়েন্ট ৪৪৬, হোল্ডারের ৪৩৪। তিনে থাকা রবীন্দ্র জাদেজার সংগ্রহ ৩৯৭ পয়েন্ট। গত বছরের ২৮ অক্টোবর জুয়াড়ির প্রস্তাব গোপনের অপরাধে সাকিবকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। র্যাংকিংয়ের নিয়মানুযায়ী নিষিদ্ধ খেলোয়াড় থাকেন তালিকার বাইরে। ফলে সব র্যাংকিং থেকেই বাদ পড়েন সাকিব। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর অবশ্য ফিরে পেয়েছেন র্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান। গেল মাসে ওয়ানডে র্যাংকিং হালনাগাদের পর ফেরেন সাকিব। টি-টোয়েন্টিতেও ফিরেছেন দ্বিতীয় স্থানে থেকেই, এবার ফিরলেন টেস্টে।