পঞ্চম করোনা ভাইরাস পরীক্ষায় পাকিস্তান শিবিরের সব ক্রিকেটারের ফলাফল নেগেটিভ এসেছে। এর ফলে অবশেষে নিউজিল্যান্ড সরকারের অনুমতি সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবেন বাবর আজমরা। গত রবিবার করা পরীক্ষার ফলাফল আসে গতকাল সোমবার। এরপরই জানা যায়, সব খেলোয়াড় নেগেটিভ প্রমাণিত হয়েছেন। নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে আরো জানা যায়, এর আগের পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ হওয়া ক্রিকেটাররা কুইন্সটাউনে যাত্রার আগ পর্যন্ত আইসোলেশনেই থাকবেন। আজ মঙ্গলবার কুইন্সটাউনের উদ্দেশে রওনা দেওয়ার কথা পাকিস্তান দলের। আগামী ১৮ ডিসেম্বর শুরু হবে নিউজিল্যান্ড পাকিস্তানের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এরপর টেস্ট সিরিজ শুরু আগামী ২৬ ডিসেম্বর। নিউজিল্যান্ড সফরে গিয়ে করোনা ভাইরাসের কারণে বড় সমস্যাতেই পড়েছিল পাকিস্তান। দলের আট ক্রিকেটারের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায় তিনটি পরীক্ষায়। এ পর্যন্ত অবশ্য অনুশীলনের সুযোগ ছিল দলটির, নিজেদের ভুলে যা হারিয়েছে পাকিস্তান। কোয়ারেন্টাইনে থাকাকালীন কোভিড প্রটোকল ভাঙায় এ শাস্তি পায় সফরকারী দলটি।
