শেয়ারবাজারে সূচকের বড় উত্থান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে বড় উত্থান হলো। মূল্যসূচকের বড় উত্থান হলেও দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।

তথ্যমতে, গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৪০টি এবং ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। আর এ বাজারে লেনদেন হয়েছে ৮৪৮ কোটি ১২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৪৩ কোটি ৮০ লাখ টাকা। সে হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ৪ কোটি ৩২ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৩৯ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৫৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ফাইন্যান্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, অ্যাসোসিয়েটড অক্সিজেন এবং ন্যাশনাল ফিড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৫টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।