চট্টগ্রামের মিরসরাইয়ে বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শিল্পনগরে বস্ত্র খাতের শিল্প স্থাপনের লক্ষ্যে ৩০ একর জমি লিজ নিয়েছে ম্যাকসন্স গ্রুপ। এই গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে গতকাল সোমবার আলাদা তিনটি লিজ চুক্তি করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, বেজার নির্বাহী সদস্য হারুনুর রশিদ, আব্দুল মান্নান প্রমুখ। জমি লিজ পাওয়া তিনটি প্রতিষ্ঠান হলো—ম্যাকসন্স স্পিনিং মিলস, মেট্রো স্পিনিং মিল ও ম্যাকসন্স টেক্সটাইল। মোহাম্মদ আলী খোকন বলেন, লিজ পাওয়া জমিতে নতুন শিল্পে প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এতে কর্মসংস্থান হবে প্রায় ৪ হাজার শ্রমিকের। এসব শিল্পে অপেক্ষাকৃত উন্নত ও উচ্চমূল্যের বস্ত্রসামগ্রী উত্পাদন হবে।
আগামী তিন বছরের মধ্যে তারা উত্পাদনে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় পবন চৌধুরী বলেন, বেজায় এখন ৩২টি সেবা অনলাইনে (ওয়ান স্টপ সার্ভিস) দেওয়া হয়। অচিরেই সব সেবা এক দরজায় চলে আসবে। তিনি আরো বলেন, ব্যক্তির উপস্থিতি অপরিহার্য হলে সেখানে দুর্নীতির সুযোগ হয়। তিনি বলেন, একসময় আমরা জমি দিতে চেয়েছি। অনেকেই আগ্রহী হন নি। এখন অনেকে জমির জন্য আসেন কিন্তু ফিরিয়ে দিতে হচ্ছে।
