অনুমোদন ছাড়া গুলশানে সিসাবার আড়াই কোটি টাকার ভ্যাট ফাঁকি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২১:৩৯

দ্য মিরাজ নামে গুলশানের একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে অনুমোদন ছাড়াই সিসাবার পরিচালনা করার অভিযোগ উঠেছে। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিপুল অঙ্কের বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট (মূল্য সংযোজন কর) ফাঁকির অভিযোগও উঠেছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে দেখতে পায়, রেস্টুরেন্টের সিসাবার পরিচালনার কোনো বৈধ অনুমতি নেই। প্রতিষ্ঠানের বিক্রয়ের নথিপত্র ও অন্যান্য তথ্য সংগ্রহ করে দেখা যায়, দ্য মিরাজ ৯ কোটি ৩৩ লাখ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে। এর মাধ্যমে ভ্যাট ফাঁকি ২ কোটি ৫৪ লাখ টাকার। ভ্যাট ফাঁকির অভিযোগে গতকাল অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সূত্র জানায়, গত ১২ নভেম্বর অভিজাত গুলশানের ৩ নম্বর সড়কে অবস্থিত দ্য মিরাজ সিসাবারে অভিযান চালায় গোয়েন্দা দল। তারা  দেখতে পায়, রেস্টুরেন্টের আড়ালে প্রতিষ্ঠানটি সিসাবার পরিচালনা করছে। কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় সিসাবারের প্রাঙ্গণ থেকে ১৫ কেজি সিসা এবং সিসা পরিবেশনের সামগ্রী আটক করা হয়। প্রতিষ্ঠানের বাণিজ্যিক দলিলাদিও জব্দ করা হয়। ভ্যাট নিবন্ধন অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্যাবসায়িক নাম ‘দ্য ফ্রেন্ডস হাউজ লিমিটেড’।