রাস্তার বাঁক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:২১

মাগুরা ও নড়াইল জেলার মধ্যে দূরত্ব ৫৫ কিলোমিটার। কিন্তু রাস্তায় এত বাঁক যে চলাচল করা খুব ঝুঁকিপূর্ণ। ভারী কোনো গাড়ি নিয়ে মাগুরা থেকে নড়াইল যেতে হলে যশোর বা ফরিদপুর দিয়ে ঘুরে যেতে হয়, যাতে প্রায় ১৬০ কিলোমিটার বেশি রাস্তা  ঘুরতে হয়। এর কিছু উদাহরণ দেওয়া যাক। মাগুরা জেলার পলিতা বেরইল বাজারে কাছে ৬০ ডিগ্রি বাঁক, যার ফলে খুব ঝুঁকি নিয়ে ঘুরতে হয়। এরকম শত্রুজিতপুর মনিরামপুর ভাংগুরা রাস্তার প্রতি কিলোমিটারে রয়েছে অসংখ্য বাঁক। প্রতি কিলোমিটারে চার থেকে পাঁচটা বড় বড় বাঁক রয়েছে। ভাংগুরাতে আছে একটা ইউটার্ন, যার কারণে গাড়ি চালাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। রাস্তা খুব সরু হওয়ায় মিনি বাস দুটো ঠিকমতো ক্রস করতে পারে না। এছাড়া রাস্তায় ফাটল এত যে বাইক রাইডিংয়ে ৩০ কিলোমিটার স্পিডে গাড়ি চালনা করলে পাহাড়ি রাস্তার মতো বাইক কাঁপতে থাকে। এছাড়া বেশ কিছু কালভার্ট ক্ষতিগ্রস্ত, যেগুলো সংস্কারে কর্তৃপক্ষীয় কোনো উদ্যোগ নেই। যার ফলে প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে। তাই মাগুরা-নড়াইলের এই ৫৫ কিলোমিটার সড়ক সরলিকরণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

মো. নাজমুচ্ছাকিব

আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ,

ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া