বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করেন সংগঠনের নেতা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা) এবং কোষাধ্যক্ষ।

মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সৃজনশীল শিল্প প্রকাশের মাধ্যম হলো ভাস্কর্য। এটি মানুষের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। যখন ভাস্কর্যবিদ্যা বাধাগ্রস্ত হয়ে পড়ে তখন মানবিকতা বাধাগ্রস্ত হয়। সভ্যতাবিরোধী এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর হওয়া বাঞ্ছনীয়। এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর যে হামলা তা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, এটি মূলত এদেশের মানুষের দীর্ঘদিনের লালিত সংস্কৃতির ওপর হামলা।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভুঁইয়ার সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. লুত্ফর রহমান বলেন, এই বিজয়ের মাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বাধা ও ভাঙচুর করা হবে এটা কল্পনাও করা যায় না। কোনো প্রতিষ্ঠান যদি এর বিরুদ্ধে না-ও দাঁড়ায়, কোনো সরকার যদি এর বিরুদ্ধে না-ও দাঁড়ায়, কোনো ব্যক্তি যদি না-ও দাঁড়ায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার ঐতিহ্য নিয়েই এর প্রতিবাদ করবে।

প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, মহান মুক্তিযুদ্ধে এসব মৌলবাদীরাই বিরোধিতা করেছিল। আজ এরা আবারও আস্ফাালন শুরু করেছে। একাত্তরের রাজাকারদের প্রেতাত্মা এরাও রাজাকার। এখন আবার সময় এসেছে এসব রাজাকারের বিরুদ্ধে আবারও মুক্তিযুদ্ধ করার।

এছাড়া আরো বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, আইন অনুষদের ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহ, সিনেট সদস্য ও গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমেদ, টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ভুঁইয়া প্রমুখ।