বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় হাজি সেলিম এমপির দখলে থাকা অবৈধ মদিনা পেট্রোল পাম্প ও চারটি গোডাউনসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এ নিয়ে গত দুই দিনে চাঁন সরদার কোল্ডস্টোরেজ, মদিনা পানির পাম্পসহ ২৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হলো। এ সময় বিআইডব্লিউটিএর উচ্ছেদ কমিটি প্রায় তিন একর সরকারি নদীর জমি উদ্ধার করে। বিআইডব্লিউটিএর বুড়িগঙ্গা নদী দখল মুক্ত করা অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী। এ সময় নিরাপত্তা দায়িত্বে ছিলেন নৌপুলিশ, আনসার ও র?্যাব (১০) এর সদস্যরা। যুগ্ম পরিচালক গুলজার আলী জানায়, সংসদ সদস্য হাজি সেলিম সোয়ারীঘাট ও ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর প্রায় তিন একর সরকারি জমি অবৈধভাবে দখল করে চাঁন সরদার মাছের আড়ত্, মদিনা পানির পাম্প ও মদিনা পেট্রোল পাম্পসহ একাদিক গোডাউন তৈরি করে দীর্ঘদিন ধরে তার দখলে রেখেছেন। তিনি আরো জানান, বুড়িগঙ্গা নদীর উভয় পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
