বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ইন্ধনদাতাদের খুঁজে বের করতে হবে :আমু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:২৪

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ইন্ধনদাতাদের খুঁজে বের করতে হবে। গতকাল কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য শব্দ। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে বাঙালির হূিপণ্ডে আঘাত, বাংলাদেশের ওপর আঘাত। এ আঘাত কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। বিবৃতিতে তিনি কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, তারা এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না। ওরা পাকিস্তানের প্রেতাত্মা। তারা বাংলাদেশের সংবিধানেও বিশ্বাসী নয়। এই সব স্বাধীনতাবিরোধীদের সংবিধান অমান্য করার অপরাধে কঠিন শাস্তি হওয়া উচিত।