তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে মৌলবাদী অপশক্তি মাঝেমধ্যে যে ফণা তোলার অপচেষ্টা করে, তার পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে।’ তিনি গতকাল বিকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকরা কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাস্কর্যবিরোধী তত্পরতার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতপক্ষে আজকে যারা ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এই সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি দেশে ঘাপটি মেরে থাকে, সময়ে সময়ে ফণা তোলার চেষ্টা করে। কোনোভাবেই এদের ফণা তুলতে দেওয়া যাবে না।
বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি দৈনিক জনকণ্ঠের কাওসার রহমানের নেতৃত্বে দৈনিক বর্তমানের মোতাহার হোসেন, ইত্তেফাকের মুন্না রায়হান, জাগো নিউজের ইসমাঈল হোসাইন, খোলা কাগজের শাহাদাত স্বপন, বাংলা নিউজের গৌতম চন্দ্র ঘোষ, এবিনিউজ২৪.কমের তরিকুল ইসলাম সুমন, চ্যানেল আইয়ের মোরছালীন বাবলা, আমাদের সময়ের ইউসুফ আরেফিন, যমুনা টিভির আলমগীর স্বপন বৈঠকে অংশ নেন।
