সোনারগাঁওয়ে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:২৫

সোনারগাঁওয়ে এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতদল পাঁচ জনকে বেঁধে পিটিয়ে জখম করে টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, চরপাড়ার মাওলানা নজরুল ইসলামের  বাড়িতে রবিবার রাতে  ডাকাতরা প্রথমে হানা দেয়। পরে ঐ গ্রামের আলমগীর ও নুরুর বাড়িতে হানা দিয়ে সবাইকে বেঁধে মারধর করে তিন বাড়ি থেকে ৩০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ, কয়েকটি মোবাইল ফোন সেটসহ  মালামাল লুটে নেয়। সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।