নবীগঞ্জে বাসচাপায় মা-মেয়েসহ অটোরিকশার আট যাত্রী নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:৪৩

হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় মা-মেয়েসহ অটোরিকশার আট যাত্রী নিহত হয়েছে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুরে তিন জন, ভোলায় দুই জন, সাতক্ষীরার তালায় সংবাদকর্মী, কুষ্টিয়ার দৌলতপুর, দিনাজপুরের পার্বতীপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ সংবাদদাতা জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও একই পরিবারের তিন জনসহ আট জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে শাহ মুশকিল আহসান (র.)-এর মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস ফুলতলী বাজারে পৌঁছালে স্থানীয় আউশকান্দি থেকে পানিউমদাগামী সিএনজিচালিত দুটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা দুটি বাসের নিচে পিষ্ট হয় এবং একটি অটোরিকশাসহ বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আট যাত্রী নিহত হয়। নিহতরা হলো—উপজেলার মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাইয়ের  স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের অন্তর মিয়া (২২), ও লিটন মিয়া (১৮), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯), লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০) ও অজ্ঞাত এক জন (২৬)। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। সোমবার সকালে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল আরোহী দুই জন এবং রবিবার রাতে পূবাইল এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক জন নিহত হয়। মোটরসাইকেলচালক পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার কাপড় ব্যবসায়ী সাইফুল ইসলাম ও তার কর্মচারী একই জেলার সাইদি হাসান। অন্যজন পূবাইলের নৈবাড়ী এলাকার অরুণ সেন (৬২)।

ভোলা দক্ষিণ প্রতিনিধি জানান, সদর উপজেলার ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় সোমবার সকালে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হন। এছাড়া গুরুতর আহত তিন জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন সদর উপজেলার চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিরুল ইসলাম জসিম (৫৫) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট কাশীপুর এলাকার ধীরেন সিকদারের ছেলে জয় সিকদার (৩০)। এদিকে উত্তেজিত জনতা তিনটি বাস ভাঙচুর করে এবং দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, রবিবার সন্ধ্যায় উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বাইগুনি মোড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এ বি এম মহিদুল ইসলাম (৩৫) নামে এক সংবাদকর্মী নিহত হন। নিহত মহিদুল সদর উপজেলার পলাশপোল এলাকার মাজেদ বিশ্বাসের ছেলে এবং তিনি দৈনিক মানবাধিকার পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাতক্ষীরার সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, উপজেলার কল্যাণপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় সুজন আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বৈরাগীরচর গ্রামের হামিদুল সরদারের ছেলে। সোমবার সকালে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কল্যাণপুর বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বৈগ্রাম মাস্তুর মোড়ে রবিবার বিকেলে তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহিদ ইকবাল নিহত হয়েছেন। তিনি উপজেলার দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের ফরমান আলীর ছেলে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে বাসের ধাক্কায় নাহিদ (২৪) নামের এক  হোন্ডা আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ নরসিংদীর মাধবদী এলাকার আবিদ হোসেনের ছেলে।