এটা আমাদের নাজাতের ওসিলা হবে :বাবুনগরী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:৪৪

ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও চরমোনাইয়ের পির সাহেব মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অবস্থানরত আল্লামা জুনায়েদ বাবুনগরী এ মামলার খবর শুনে গতকাল সোমবার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কোরআন-হাদিসের বাণী পৌঁছাতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে। এটাই নাজাতের ওসিলা হবে, আর এটাই আমাদের সৌভাগ্য।’

আজ চরমোনাই পিরের সংবাদ সম্মেলন

এদিকে মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা ও দেশের উদ্ভূত পরিস্থিতিতে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করবেন। ‘রাষ্ট্রদ্রোহ’ মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। গতকাল বিকালে পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় তিনি এই প্রতিবাদ জানান।