বরিশাল জেলা পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল সোমবার সকালে নগরীর আলেকান্দা পলিটেকনিক রোডের পাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে নবনির্মিত তিনতলাবিশিষ্ট পুলিশ সুপারের কার্যালয় ভবনের উদ্বোধন করেন আইজিপি। ফলক উন্মোচন শেষে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যাব-৮-এর অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে আইজিপি জেলা পুলিশ লাইনসের নবনির্মিত প্রধান ফটক ‘প্রত্যয়’ ও পুলিশ অফিসার্স মেসের উন্নয়নকাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি জেলা পুলিশ লাইনসে পুলিশের কল্যাণসভায় যোগ দেন। সেখানে বরিশাল রেঞ্জের ছয় জেলা ও মেট্রোপলিটন পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিয়ম করেন। আইজিপির বরিশাল সফর উপলক্ষ্যে কোনো গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। তবে গণমাধ্যমকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হলেও আইজিপি তাদের সঙ্গে কোনো কথা বলেননি।
