দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঘন কুয়াশায় ১০ ঘণ্টার বেশি ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:৪৭

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য মানুষ।

খুলনা থেকে আসা মাছবাহী গাড়ির চালক আসিফ বলেন, প্রতিদিন ভোরে সিলেটে বাজারে মাছ বিক্রি হয়। বেলা সাড়ে ১০টা বাজলেও এখন পর্যন্ত ফেরিতে উঠতে পারিনি। সব মাছ এখন নষ্ট হয়ে যাবে। আমাদের এরকম আরো চারটি মাছের গাড়ি রয়েছে। ফেরি বন্ধ থাকায় রাতভর ঘাটে থাকায় সব মাছ নষ্ট হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, রবিবার রাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় দুর্ঘটনা এড়াতে ১২টার দিকে ফেরি বন্ধ করা হয়। ১০ ঘণ্টা পর সোমবার সকাল ১০টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়ায় তিন শতাধিক নৈশকোচ ও পণ্যবাহী কয়েক শ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।