তিন দিন ধরে ৩০-এর ওপরে মৃত্যু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। রবিবারের চেয়ে গতকাল পাঁচ জন বেশি মারা গেছেন। মৃতের সংখ্যা টানা তিন দিন ধরে ৩০-এর ওপরে। গতকাল সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ১৯৮ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন হলো। মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮৭৪। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৬৬৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন হয়েছে।                স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৫টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাত্ সর্বমোট ১৩৭টি ল্যাবে ১৪ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ০৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৪ জন পুরুষ আর নারী ১২ জন।  ৩২ জন হাসপাতালে ও চার জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ২১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ২৫ জন ঢাকা বিভাগের, সাত জন চট্টগ্রাম বিভাগের এবং চপর জন রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।