এবার করোনায় আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি। রবিবার এক টুইটে ট্রাম্প নিজেই পরীক্ষায় জুলিয়ানির কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে জানিয়েছেন। বেশ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে, কোভিড-১৯ মহামারিতে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৮০ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পসহ হোয়াইট হাউজের বহু কর্মকর্তা এই রোগে আক্রান্ত হয়েছিলেন, এবার সেই দলে যুক্ত হলেন ৭৬ বছর বয়সি নিউ ইয়র্ক শহরের সাবেক এ মেয়র। অন্যদিকে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কঠোর লকডাউন জারি করেছে স্থানীয় প্রশাসন। লোকজনকে নিয়ম মানতে বাধ্য করতে চায় কর্তৃপক্ষ। জানা গেছে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক টুইটে জুলিয়ানি তাকে নিয়ে তাদের উদ্বেগের জন্য ‘বন্ধু ও অনুসারীদের’ ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমি অত্যন্ত ভালো সেবা পাচ্ছি ও ভালো বোধ করছি। দ্রুত সুস্থ হয়ে উঠছি আর সব কিছুই বজায় রেখেছি। জুলিয়ানি ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানায়। ট্রাম্পের প্রচার শিবির যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে যে আইনি পদক্ষেপগুলো নিয়েছে জুলিয়ানি তাতে নেতৃত্ব দিচ্ছেন। বৃহস্পতিবার তিনি ট্রাম্পের সঙ্গে জর্জিয়াতেও জনসভায় গিয়েছিলেন। এই রাজ্যে বাইডেনের জয় উলটে দিতে হস্তক্ষেপ করার জন্য সেখানে রাজ্যটির আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছিলেন তিনি। এর আগে বুধবার মিশিগানে গিয়ে এবং সোমবার অ্যারিজোনায় গিয়ে একই ধরনের আহ্বান জানিয়েছিলেন তিনি। —বিবিসি
