বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনবাহী রাণীগঞ্জ নামের একটি ড্রাম ফেরি রবিবার রাত সাড়ে ১১টার দিকে মাঝ পদ্মায় তলা ফেটে যায়। পরে ফেরির ইনচার্জ ১ নম্বর মাস্টার ফজলুল করিম অত্যন্ত ঝুঁকি নিয়ে ফেরিটি চালিয়ে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিট সময় বাংলাবাজার ৪ নম্বর ফেরি ঘাটে এসে পৌঁছায়। ফেরি থেকে সাতটি ট্রাক, পাঁচটি বাস, সাতটি ছোট গাড়ি ও বিপুল সংখ্যাক যাত্রী নামার কিছুক্ষণ পর ফেরিটি ডুবে যায়। নৌপথ সচল রাখতে অর্ধডুবু ফেরিটিকে ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রাণীগঞ্জ ড্রাম ফেরির ইনচার্জ ফেরির মাস্টার ফজলুল করিম বলেন, রবিবার রাতে শিমুলিয়া ঘাট থেকে যানবাহনবোঝাই করে আমি নিজে ফেরিটি চালিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে আসতে থাকি। কিন্তু ফেরিটি মাঝ পদ্মায় পৌঁছালে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে এতে তলা ফেটে যায়। পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে আমি ফেরিটি চালিয়ে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিট সময় বাংলাবাজার ঘাটে এসে যানবাহন ও যাত্রী নামাতে সক্ষম হই।
তবে মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলীর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নৌপথ সচল রাখতে ফেরিটি সরিয়ে নেওয়া হয়েছে।
