ছাগলনাইয়ায় ইউপি চেয়ারম্যান মাহবুব বরখাস্ত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২৩:৩১

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের সোমবার সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।

৬ ডিসেম্বর রবিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক চৌধুরীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/১৬(২)/২৫ ধারায় দায়েরকৃত মামলা নং-১৭, তারিখ-২৬/০২/২০১৫ (বিশেষ ট্রাইব্যুনাল এর মামলা নং-৪৬/২০১৬) এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় জেলা প্রশাসক, ফেনী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

যেহেতু ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক চৌধুরী কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক চৌধুরীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ১৯৭৪সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/১৬(২)/২৫ ধারায় দায়েরকৃত মামলা নং-১৭, তারিখ-২৬/০২/২০১৫ (বিশেষ ট্রাইব্যুনাল এর মামলা নং-৪৬/২০১৬) এর অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী তাঁকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ জনস্বার্থে জারী করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

ইত্তেফাক/এসআই