প্রাথমিক শিক্ষার সাবেক ডিজিসহ ৫ জনকে আপিল বিভাগে তলব

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:২৪

আদালত অবমাননার অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. আবু হেনা মোস্তফা কামালসহ পাঁচ কর্মকর্তাকে তলব করেছে আপিল বিভাগ। আগামী ১৪ ডিসেম্বর তাদেরকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। তলব আদেশে সাবেক ডিজি ছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রমজান আলী, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, গাইবান্ধার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম ও গাইবান্ধার সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলামকে ঐ দিন আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন।

২০০৮ সালে গাইবান্ধা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় বিউটি বেগম প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় হওয়া নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়ে বিউটি বেগম গাইবান্ধার সহকারী জজ আদালতে মামলা করেন। সেই মামলার শুনানি নিয়ে আদালত পরীক্ষায় প্রথম হওয়া বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়। পরবর্তীকালে জেলা জজ আদালত ও হাইকোর্ট ঐ আদেশ বহাল রাখে। ২০১৭ সালের ৩ আগস্ট আপিল বিভাগ ১৫ দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়। কিন্তু এর পরেও তাকে নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে তিনি আদালত অবমাননার আবেদন করেন। গত ২ মার্চ আদালত অবমাননার রুল জারি করা হয়। রুলের জবাব না পেয়ে আপিল বিভাগ তলবের আদেশ দেয় বলে জানান আইনজীবী এবিএম আলতাফ হোসেন।