সোনারগাঁওয়ে চাঁদার দাবিতে গুলিবর্ষণ করে বালু ভরাট কাজে বাধা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:২৫

সোনারগাঁওয়ে চাঁদার দাবিতে গুলিবর্ষণ করে এক কোম্পানির বালু ভরাট কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের একটি প্রাইভেটকার উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ গাড়ি উদ্ধারের কথা স্বীকার করলেও গুলিবর্ষণের কথা গুজব বলে উড়িয়ে দেন। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বালু ভরাট কাজের ঠিকাদার গোলজার হোসেন জানান, ‘উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল মোড়ে একটি কোম্পানির সঙ্গে আমাদের বালু ভরাট কাজের চুক্তি হয়। গত এক মাস ধরে এ কোম্পানির বালু ভরাট কাজ আমরা চালিয়ে যাচ্ছি। সম্প্রতি জামপুর ইউনিয়নের তিলাবো গ্রামের ডিস আল আমিন, হাতুড়াপাড়া গ্রামের আব্দুর নূর, বন্দর উপজেলার মদনপুর এলাকার মিঠু, ওটমা গ্রামের সাগর চৌধুরী বালু ভরাট কাজ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে হাতুড়াপাড়া গ্রামের আব্দুর নূরের নেতৃত্বে বন্দর উপজেলার মদনপুর এলাকার মিঠু, ওটমা গ্রামের সাগর চৌধুরী, কাঠালিয়াপাড়া গ্রামের আশিকসহ ৮-১০ জনের একটি দল ঘটনার রাতে দুটি প্রাইভেটকার যোগে কোম্পানির প্রধান ফটকের সামনে গিয়ে মদ্যপ অবস্থায় গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে আমাদের লোকজন এগিয়ে আসলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা তাত্ক্ষণিক সোনারগাঁও থানার ওসি, তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ ও কোম্পানি কর্তৃপক্ষকে জানিয়েছি। তালতলা ফাঁড়ি পুলিশের এসআই মো. তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের ব্যবহূত একটি প্রাইভেটকার উদ্ধার করেছেন।

সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কোম্পানির বালু ভরাটের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে।  মীমাংসার জন্য তাদের তালতলা ফাঁড়িতে ডাকা হয়েছে।