বাণিজ্যিক হিসেবে লাইসেন্স পাচ্ছে সিটিজেন ব্যাংক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:২৬

বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রস্তাবিত ‘সিটিজেনস ব্যাংক লিমিটেডকে’ লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে ব্যাংকটিকে লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আর একটি ধাপ পেরুলেই বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃতি পাবে সিটিজেন ব্যাংক।

এর আগে সিটিজেন ব্যাংককে লেটার অব ইনটেন্ট বা আগ্রহপত্র দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে সময় দেওয়া হয়। দুই দফায় সময় বাড়িয়ে অবশেষে সব শর্ত পূরণ করে প্রস্তাবিত ব্যাংকটি। শর্ত পূরণ করার পরে লাইসেন্স দেওয়ার বিষয়ে একমত হয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

গতকাল বাংলাদেশ ব্যাংকে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনেম, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, মাহবুব আহমেদ, এ কে এম আফতাব উল ইসলাম ও মো. নজরুল হুদা।

জানা গেছে, নতুন ব্যাংক অনুমোদনের পরে দেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬১টিতে উন্নীত হবে।