৬০ হাজার পিস ইয়াবার মামলায় মাদক ব্যবসায়ীর ১৫ বছর জেল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:২৭

৬০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় মাদক ব্যবসায়ী মো. নাছিফ ইকবাল ওরফে তপুকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম গতকাল সোমবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি তপুকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। 

২০১৮ সালের ১৭ আগস্ট রাজধানীর শাহবাগ থানার ফুলবাড়িয়া এলাকা থেকে ৬০ হাজার ১৫০ পিস ইয়াবাসহ তপুকে ডিবি পুলিশ গ্রেফতার করে। ঐ দিনই ডিবি পুলিশের এসআই বদরুল আলম শাহবাগ থানায় মামলা করেন। তপু লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সোনাপুর বাজারের দক্ষিণ পাশে পাটোয়ারি বাড়ির আবুল হাসেম মোল্লার ছেলে। সংশ্লিষ্ট আদালতের সহকারী পিপি সালাহউদ্দিন হাওলাদার এ তথ্য জানান।