সম্প্রতি দেশের কতিপয় ধর্মীয় মৌলবাদের প্রবক্তা ও একাত্তরের পরাজিত ঘাতক-দালাল সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও ধ্বংস করার যে ধৃষ্টতা দেখিয়েছে তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশের অস্তিত্ব ও পবিত্র সংবিধানবিরোধী। এই মানবতার শত্রু ও দেশদ্রোহীদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক।
বিবৃতিতে তারা বলেন, এ মৌলবাদী অপশক্তি বাংলাদেশকে একটি পশ্চাদপদ জনপদে পরিণত করতে চায়। আমরা তাদের এ হীন প্রচেষ্টা যে কোনো মূল্যে রুখে দেব। জাতির পিতার জন্মশতবর্ষ ও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির সন্ধিক্ষণে গত ৫ ডিসেম্বর রাতে ধর্মান্ধ মৌলবাদীরা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার যে চূড়ান্ত ধৃষ্টতা দেখিয়েছে, তা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। আমরা এ ঘটনায় স্তম্ভিত ও ক্ষুব্ধ এবং এ জঘন্য কাজে জড়িত অপরাধীদের চূড়ান্ত শাস্তি দেখতে চাই। সরকার ও জনগণের প্রতি আমাদের আহ্বান—‘আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মানব সভ্যতাবিরোধী এই ধর্মান্ধ-জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করি’।
বিবৃতিদাতারা হলেন—আবদুল গাফ্ফার চৌধুরী, শামসুজ্জামান খান, হাসান আজিজুল হক, অনুপম সেন, সারোয়ার আলী, রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আব্দুস সেলিম, মফিদুল হক, শফি আহমেদ, আবুল মোমেন, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের ও শিমূল ইউসুফ।
