সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ পুনরায় চালু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহজীবাজার রেল স্টেশনের কাছে পুরোনো রেললাইন মেরামত করার পর ট্রেন চলাচল ফের শুরু হয়। এদিন দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী একটি ট্রেন শাহজীবাজার স্টেশনে প্রবেশ করার সময় কয়েকটি ট্যাংকার লাইনচ্যুত হলে আখাউড়া-সিলেট সেকশনে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়ে। উলটে যাওয়া ট্যাংকারগুলো থেকে নিঃসৃত বিপুল পরিমাণ তেল সংগ্রহের জন্য এলাকার সাধারণ মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে আখাউড়া ও কুলাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। প্রয়োজনীয় মেরামত শেষে দুর্ঘটনার সাড়ে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ ফের চালু করা সম্ভব হয়।
দুর্ঘটনাকবলিত ট্রেনের সহকারী চালক হামিদুর জানান, দুর্ঘটনাস্থলের কাছে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। কিন্তু আগে থেকে তাদের কোনো নোটিশ বা সিগন্যাল না দেওয়ায় দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মুশফিক উদ্দিন গতকাল বিকেলে জানান, এ ব্যাপারে গঠিত রেলওয়ের তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।
