টেকনাফে সেন্টমার্টিন-সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে রবিবার মধ্য রাতে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, মিয়ানমারের মুদ্রা সাড়ে ৯ লাখ কিয়াত ও নৌকাসহ তিন জন মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে টেকনাফ স্টেশন কমান্ডার আমিরুল হক জানান, টেকনাফ ও সেন্টমার্টিন বিসিজি স্টেশনের জওয়ানরা সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের পাঁচ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বাংলাদেশ জলসীমানায় অনুপ্রবেশকারী একটি সন্দেহভাজন কাঠের নৌকা আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারের ৯ লাখ ৫১ হাজার কিয়াত পাওয়া যায়। এই ঘটনায় নৌকায় থাকা তিন জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
সংশ্লিষ্ট আইনে মামলার পর জব্দকৃত ইয়াবা, মিয়ানমারের মুদ্রা ও নৌকাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) এম হামিদুল ইসলাম নিশ্চিত করেন।
