আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন শামীম ও ডন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:৩০

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন সৈয়দ আবদুল আউয়াল শামীম ও আজিজুস সামাদ আজাদ ডন। গতকাল সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ঐ চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত বছর ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলের সভানেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে তাদের মনোনয়ন দিয়েছেন। উল্লেখ্য, সৈয়দ আবদুল আউয়াল শামীম ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আজিজুস সামাদ আজাদ ডন হলেন আবদুস সামাদ আজাদের ছেলে।

গত বছরের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। তাতে নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নিবাচিত হন ওবায়দুল কাদের। এর কয়েক দিন পর ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে ধর্ম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং দুটি কেন্দ্রীয় সদস্য পদ তখন খালি ছিল। গত ২৬ নভেম্বর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ধর্মবিষয়ক সম্পাদক মনোনীত হন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। এর কিছু দিন আগে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক করা হয়েছে। এদিকে মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়ামে দুটি পদ শূন্য হয়েছে। এছাড়া দলের কেন্দ্রীয় সদস্য সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও মারা গেছেন। আওয়ামী লীগের ৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটির এখনো তিনটি পদ ফাঁকা রয়েছে। এর মধ্যে প্রেসিডিয়ামে দুটি ও কার্যনির্বাহী সদস্যের একটি পদ।

জাতীয় শ্রমিক লীগের শূন্য পদে দায়িত্ব

জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের মৃত্যুতে মো. আলাউদ্দিন মিয়াকে কার্যকরি সভাপতি এবং সহসভাপতির একটি শূন্য পদে আলহাজ হাবিবুর রহমান আকন্দকে মনোনয়ন প্রদান করা হয়েছে। গতকাল আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।