হিযবুত তাহরীর দুই সক্রিয় সদস্য গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:৩১

রাজধানীর বনানী থেকে হিযবুত তাহরীর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার আটঘরিয়া থানার আবু হানিফের ছেলে মো. খলিলুর রহমান ও রাজধানীর খিলক্ষেত থানার মো. শাহজাহানের ছেলে মো. ইমরান হাসান। রবিবার সন্ধ্যায় বনানীর ৭ নম্বর রোডের জি-ব্লকের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

এটিইউর দাবি, গ্রেফতারকৃত খলিল ঢাকা মহানগরী উত্তরের ও ইমরান গাজীপুর মহানগরীর দায়িত্বশীল হিসেবে ‘হিযবুত তাহরীর’ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গতকাল সোমবার এটিইউর পরিদর্শক (মিডিয়া) মো. হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইনভিত্তিক প্রচারণা পরিচালনা করে আসছিল। এছাড়া তারা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করত। তারা দক্ষিণখান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পলাতক আসামি। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।