মাদকদ্রব্যসহ ৫২ জন গ্রেফতার

হাতিরঝিলে ২৭৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:৩৮

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. সাকিল। রবিবার সন্ধ্যায় তাকে ইয়াবাসহ আটক করা হয়। এদিকে রবিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

গ্রেফতারকৃত সাকিলের ব্যাপারে গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন জানান, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাতিরঝিল থানার মালিবাগ চৌধুরীপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম। তিনি আরো জানান, গ্রেফতারকৃত সাকিল কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে বিক্রি করতেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

এদিকে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রবিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়। এ অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮৬০ পিস ইয়াবা, সাড়ে ৭১ গ্রাম হেরোইন, ৩১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ১২টি ইনজেকশন, ৪৪৫ বোতল ফেনসিডিল ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত এই ৫২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।