জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জন্মহার বৃদ্ধির উদ্যোগ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২০:৩৪

জাপানে গত কয়েক বছরে জন্মহার ক্রমাগত কমতে থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে দেশটির সরকার এই প্রযুক্তিতে অর্থায়নের পরিকল্পনা নিয়েছে। এই প্রযুক্তি জনগণকে তাদের সঙ্গী খুঁজে পেতে সহায়তা করবে। খবর বিবিসির

লোকজনকে জুটি বাঁধতে সহায়তার জন্য দেশটির যেসব স্থানীয় সরকার ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে অথবা ব্যবহার শুরু করবে, আগামী বছর থেকে তাদের ভর্তুকি প্রদান করা হবে। গত বছর জাপানে ৮ লাখ ৬৫ হাজারেরও কম শিশু জন্মগ্রহণ করেছে যা দেশটির জন্মহারের সর্বনিম্ন রেকর্ড স্পর্শ করেছে। প্রবীণদের সংখ্যা বৃদ্ধির দিক থেকে বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে জাপান। এছাড়া বিশ্বের অন্যতম নিম্ন জন্মহারের দেশও এটি। সে কারণেই জন্মহার বৃদ্ধির জন্য বিভিন্ন পদ্ধতি খুঁজছে দেশটির সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এসব পদ্ধতির সর্বশেষ উদাহরণ। এএফপির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জন্মহার বাড়াতে আগামী বছর স্থানীয় সরকারগুলোকে ২ বিলিয়ন ইয়েন (১৬১ কোটি টাকারও বেশি) প্রদান করবে জাপান সরকার। ইতিমধ্যে মনুষ্য চালিত ‘ম্যাচমেকিং’ বা ঘটকালি সেবা পরিচালনা শুরু করেছে দেশটির বিভিন্ন স্থানীয় সরকার। এর মধ্যে বেশকিছু স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগও চালু হয়েছে। আশা করা হচ্ছে প্রযুক্তির এই ব্যবহারের ফলে লোকজনের জমা দেওয়া তথ্যগুলো আরো জটিলভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে যা তাদের সঙ্গী পাওয়ার প্রক্রিয়াকে আরো সহজ করবে। এ প্রসঙ্গে জাপানের এক সরকারি কর্মকর্তা বলেন, ‘আমরা স্থানীয় সরকারগুলোকে ম্যাচমেকিং সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহারের জন্য অর্থ প্রদানে বিশেষ পরিকল্পনা করছি।’