রেকর্ড গড়ে জিতল বরিশাল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:১৫

বিস্ফোরক সেঞ্চুরিতে নায়ক ইমন

 জান-ই-আলম

পয়সা উসুল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশাল ম্যাচ শেষে হয়তো তৃপ্তির ঢেকুর তুলে দর্শকরা এমনটাই বলতে পারতেন।

যদিও করোনার কারণে গাঁটের টাকা খরচ করে গ্যালারিতে আসার সুযোগ ছিল না দর্শকদের। তবে টিভি স্ক্রিণে চোখ রাখা ক্রিকেটামোদীদের অগ্রহায়ণের কুয়াশাচ্ছন্ন বিকালটা ক্রিকেটীয় রোমাঞ্চ, বিনোদনে ভরিয়ে দিয়েছে ম্যাচটি।

দুই সেঞ্চুরি, ২৮ ছক্কা, ৩১ চার, হ্যাটট্রিকের ম্যাচ। দুই ইনিংস মিলে ৪৪১ রান। যেখানে বাউন্ডারি থেকেই এসেছে ২৯২ রান।

চার-ছক্কার ধন্ধুমার লড়াইয়ে জমে ওঠা ম্যাচটা জিতেছে বরিশাল বিপুল বিক্রমে। রান তাড়ায় রেকর্ড গড়ে গতকাল রাজশাহীকে ৮ উইকেটে পরাজিত করেছে বরিশাল। ছয় ম্যাচে দুই জয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল তামিম ইকবালের দল। সাত ম্যাচে রাজশাহীর এটি পঞ্চম হার।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৭ উইকেটে ২২০ রান তুলেছিল রাজশাহী। ‘সেরের উপর সোয়া সের’ হয়ে শান্তর সেঞ্চুরিকে ম্লান করে দিয়েছে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি। তার ৪২ বলের বিস্ফোরক সেঞ্চুরিতে ১১ বল আগেই রাজশাহীর স্কোর টপকে যায় বরিশাল! ১৮.১ ওভারে ২ উইকেটে ২২১ রান করে দলটি। বাংলাদেশের মাটিতে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই টি-২০ তে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করে ম্যাচ সেরা হন পারভেজ ইমন। ১৮ বছর ১৭৯ দিনে সেঞ্চুরি করে দেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।

টসে হারা রাজশাহীকে উড়ন্ত শুরু এনে দিয়েছিল আনিসুল-শান্তর টুর্নামেন্টের সেরা ১৩১ রানের ওপেনিং জুটি। নবম ওভারে পেশীতে টান পড়ে মাঠের বাইরে চলে যান বরিশালের পেসার রাহী। ১৩তম ওভারে আনিসুল ৩৯ বলে ৬৯ রানের (৭ চার, ৩ ছয়) ইনিংস খেলে ফিরেন। পরে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন শান্ত ৫২ বলে। ৫৫ বলে ১০৯ রান (৪ চার, ১১ ছয়) করেন তিনি।

বোলারদের দুর্দিনে চাপে থাকা বরিশালকে পালটা আক্রমণের বিশ্বাস এনে দেয় শেষ ওভারে কামরুল ইসলাম রাব্বির হ্যাটট্রিক। ১০ রান দিলেও হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন তিনি। এই ফরম্যাটে বাংলাদেশি বোলারদের এটি পঞ্চম হ্যাটট্রিক।

রান তাড়ার মিশনে সাইফ ১৫ বলে ২৭ রান করে ফেরার পর তামিম-পারভেজ ইমন ১১৭ রানের জুটি গড়েন। তামিম ৫৩ রান করে রানআউট হলে ভাঙে সেই জুটি। অদম্য ইমন কচুকাটা করেছেন রাজশাহীর বোলারদের। চার মেরে দলের জয় এবং নিজের সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। অপরাজিত ১০০ রানের ইনিংসে ৯টি চার ও ৭টি ছক্কা মেরেছেন তিনি। আফিফ অপরাজিত ২৬ রান করেন।   

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী :২০ ওভারে ২২০/৭

বরিশাল :১৮.১ ওভারে ২২১/২

ফল :বরিশাল ৮

উইকেটে জয়ী

ম্যাচ সেরা :পারভেজ হোসেন ইমন (বরিশাল)