এক ম্যাচে যত রেকর্ড

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

রানের খরা, নিষ্প্রাণ লড়াই যেন বঙ্গবন্ধু টি-২০ কাপের সমার্থক হয়ে উঠেছিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্লো, লো বাউন্সের উইকেটে জমছিল না ম্যাচ। গতকাল মিনিস্টার গ্রুপ রাজশাহী-ফরচুন বরিশালের ম্যাচটি হাঁটল পুরোই উলটো রথে।

মারকাটারি ব্যাটিংয়ে ম্যাচ জুড়ে হলো রান উত্সব। বোলারদের সংগ্রামের দিনে হ্যাটট্রিক করলেন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। দু্ই ইনিংস মিলে ৪৪১ রান হয়েছে। দুই সেঞ্চুরির ম্যাচে বরিশাল জিতেছে ৮ উইকেটে। বরিশালের জয়ের নায়ক পারভেজ হোসেন ইমন। ৪২ বলে সেঞ্চুরি করেছেন এই তরুণ। তাতেই ম্লান হয়ে গেছে নাজমুল শান্তর সেঞ্চুরি।

গতকাল রান বন্যার ম্যাচে হয়েছে অনেক রেকর্ড। রাজশাহীর হয়ে ওপেনিংয়ে আনিসুল-শান্তর ১৩১ রানের জুটিই এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের জুটি। টুর্নামেন্টের দলগত সর্বোচ্চ ২২১ রান করল বরিশাল। বাংলাদেশের মাটিতে টি-২০তে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। রাব্বি পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন। এর আগে আল-আমিন দুই বার, আলিস আল ইসলাম, মানিক খান হ্যাটট্রিক করেছিলেন।

ইমনের সেঞ্চুরিটা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম। ৫০ বলে সেঞ্চুরি আছে তামিমের। দেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও এখন ইমন। শান্ত পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সর্বোচ্চ তিনটা সেঞ্চুরি আছে তামিমের। এক বছরে (২০২০) দুইটি সেঞ্চুরি করলেন শান্ত। বছরের শুরুতে বিপিএলে খুলনার হয়ে ক্যারিয়ার সেরা অপরাজিত ১১৫ রান করেছিলেন তিনি।

ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা মেরেছেন ২৮টি ছক্কা। যা বাংলাদেশের মাটিতে টি-২০ ম্যাচে সর্বোচ্চ। এর আগে ২০১৩ সালে বিপিএলে সিলেট রয়্যালস-ঢাকা গ্ল্যাডিয়েটর্স ম্যাচে ২৭টি ছক্কা ছিল। এই প্রথম এক ম্যাচে দুই বাংলাদেশি ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন।