‘ইউনাইটেডে পগবার সময় শেষ’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:১৭

সেই জোসে মরিনহোর সময়েই চিড় ধরেছিল পল পগবা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্কে। সেই চিড় যেন এখন এগোচ্ছে পরিণতির দিকে। এবার ওল্ড ট্রাফোর্ডে পগবার সময় শেষ বলে সাফ জানিয়ে দিয়েছেন এই বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারের এজেন্ট।  টুট্টো স্পোর্টকে দেওয়া এক সাক্ষাত্কারে পগবার এজেন্ট মিনো রাইয়োলা বলেন, ‘পগবা এখানে (ইউনাইটেডে) অখুশি। সে আর নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারছে না। তাকে ক্লাব পরিবর্তন করতে হবে। পগবার বর্তমান চুক্তি শেষ হতে আরো দেড় বছর বাকি আছে। কিন্তু সবার জন্যই ভালো হয়, যদি পরবর্তী দলবদলেই তাকে বিক্রি করে দেওয়া হয়।’ আগেও একবার মাদ্রিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা এই ফরাসি তারকার পরবর্তী গন্তব্য হতে পারে সান্তিয়াগো বার্নাব্যু। প্রাক্তন ক্লাব জুভেন্তাসেও আবার ফেরত যেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে তার এজেন্ট।