স্পোর্টস রিপোর্টার
উইকেটে তখন ব্যাট হাতে তোপ দাগাচ্ছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর দুই ওপেনার। ফরচুন বরিশাল বোলারদের মধ্যে আবু জায়েদ রাহী শুধু কিছুটা সমীহ আদায় করছিলেন। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি করতে গিয়ে ছুটছিলেন, ডেলিভারির আগে লাফিয়ে উঠতেই পায়ে টান পড়ল।
বল না করে খোঁড়াতে খোঁড়াতে মাঠে শুয়ে পড়লেন রাহী। বাঁ পায়ে টান পড়েছিল তার। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তিনি। পেশীতে টান পড়ায় প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রাহী। পরে আর বোলিং করা হয়নি তার। তাতে বরিশাল কিছুটা চাপে পড়েছিল বৈকি। অবশ্য ব্যাটিংয়ের সময় দলের ডাগআউটে দেখা গিয়েছিল তাকে। ম্যাচে ২.১ ওভারে ১১ রান দিয়েছেন রাহী।
গতকাল ম্যাচ শেষে বরিশালের মিডিয়া বিভাগ জানিয়েছে, রাহীর চোট গুরুতর নয়। এখন ভালো আছেন তিনি। বাঁ পায়ের পেশীতে টান পড়েছিল তার। দলটির ফিজিওর তত্ত্বাবধানে আছে তিনি।
