ফার্নিচারে মূল্যছাড়

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২২:১৫

নতুন সংসার পেতেছেন যারা কিংবা পাততে চলেছেন তাদের চাই নিত্যনতুন ডিজাইনে আসবাবপত্র। সঙ্গে যদি মূল্যছাড় মেলে তবে তো সোনায় সোহাগা। তাই ক্রেতা-দর্শনার্থীদের কথা বিবেচনা করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মূল্যছাড়ে নিত্যনতুন সব আসবাবপত্রের পসরা সাজিয়েছে ফার্ণিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো । পণ্যভেদে মূল্য ছাড়ের পার্থক্যটা এক এক ব্র্যান্ডের এক এক রকম। তবে নিম্নে ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। তবে বিশেষ ক্ষেত্রে ৩৫ শতাংশ পর্যন্তও মূল্যছাড় মিলছে কোনো প্রতিষ্ঠানে। কোনো কোনো প্রতিষ্ঠান মেলার বাইরে তাদের সব শোরুমগুলোতে একই সুযোগ রেখেছে। আবার ঢাকার মধ্যে বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা তো থাকছেই।  গতকাল মেলা প্রাঙ্গণে ঘুরে বিভিন্ন ফার্ণিচারের প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের বেশ ভিড় লক্ষ্য করা যায়। আগ্রহ নিয়ে কোনো প্রতিষ্ঠান কত ছাড় দিচ্ছে-এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, কেনার চাইতে বেশিরভাগ মানুষ এখনও ঘুরে পণ্য দেখছেন। পণ্যের মান ও দামের যাচাই-বাছাই করছেন।

মেলা উপলক্ষে ডেল্টা, পারটেক্স, হাতিল, নাদিয়া, নাভানা, আকতার, রিগ্যালসহ সব প্যাভিলিয়নের ফার্ণিচারে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মেলা উপলক্ষে সব ফার্ণিচারে রয়েছে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। মেলায় কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের আসবাব কেনার সুযোগও আছে। বিনা সুদে ৩-১৮ মাসের কিস্তিতে বিভিন্ন ধরনের আসবাবপণ্য কেনার সুযোগ দিচ্ছে প্রায় সব প্রতিষ্ঠান। তবে এ জন্য ক্রেতাদের ক্রেডিট কার্ড থাকতে হবে। পারটেক্স ফার্ণিচার ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রেতারা জানান, এবার মেলায় তারা ৬০ ধরনের নতুন পণ্য এসেছে। তাদের বেডরুম সেট ৪০ হাজার থেকে তিন লাখ টাকা, সোফা সেট ৫০ হাজার থেকে আড়াই লাখ টাকা, ডাইনিং সেট ৪০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।

নাদিয়া ফার্ণিচার ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রেতারা জানান, তাদের সোফাসেটের মধ্যে যেটার সচরাচর দাম ৭৪ হাজার ১শ টাকা, মেলায় সেটা বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৬৯০ টাকা, ৩৬ হাজার ৩০০ টাকার বেড বিক্রি হচ্ছে ৩২ হাজার ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে হাতিল ফার্ণিচার। মেলা চলাকালীন সময় প্রতিষ্ঠানটির সারাদেশের সব শোরুমে এই সুযোগ মিলছে বলে জানান বিক্রেতারা। প্রতিষ্ঠানটির সোফা সেটের দাম ৫৯ হাজার ৪৯০ টাকা থেকে ৭৭ হাজার ৬৭০ টাকা পর্যন্ত। বেড সেট ২৭ হাজার ৭২০ টাকা থেকে ৩৭ হাজার ৫৭০ টাকা পর্যন্ত। ডাইনিং সেট ৭৩ হাজার ৭০০ টাকা থেকে ৯১ হাজার ৬৭৫ টাকা পর্যন্ত।

ডেল্টা ফার্ণিচার তাদের সব পণ্যে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রেতারা জানান, তাদের যে সোফা সেটের সচরাচর দাম ৬৯ হাজার ৭০০ টাকা, সেটা মেলায় বিক্রি হচ্ছে ৬২ হাজার ৭৩০ টাকা। অন্যদিকে ২৯ হাজার ৯০০ টাকার বেডসেট বিক্রি হচ্ছে ২৬ হাজার ৯১০ টাকায়, ৩১ হাজার ৫০০ টাকার বেডসেটটি বিক্রি হচ্ছে ২৮ হাজার ৫০০ টাকায়। এদিকে আখতার ফার্ণিচারে সবচেয়ে বেশি ক্রেতা পাবেন ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। প্রতিষ্ঠানটি তাদের সব ফার্ণিচারে ১২ শতাংশ ছাড় মিলছে। এ প্যাভিলিয়নে ২০টি নতুন মডেলের পণ্য প্রদর্শন করা হয়েছে বলে জানান বিক্রয়কর্মীরা।