বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর
ইত্তেফাক ডেস্ক
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত কয়েকদিনের মতো মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
জামালপুর : জেলা আওয়ামী লীগ বকুলতলা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিল শেষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।
গাজীপুর : গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ। মহানগরীর চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে রহমান শপিংমলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আমীন, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাজীবুল হাসান রাজীব প্রমুখ।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি ইকবাল পারভেজ, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
নাটোর :নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মানববন্ধন করে। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জাতীয় যুব জোট জেলা শাখা। জেলা শহরের শহিদ সাটু কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জেলা যুব জোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।
রাজবাড়ী : প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ।
নরসিংদী : নরসিংদী শহর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের নেতৃত্বে বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে সমাবেশে অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল প্রমুখ।
দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, অ্যাডভোকেট মো. মজিবুর রহমান প্রমুখ।
মেলান্দহ (জামালপুর) : মেলান্দহে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড এবং মুক্তিসংগ্রাম জাদুঘর নেটওয়ার্কিং কমিটি। উপজেলা গেটে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী প্রমুখ।
