ইত্তেফাক ডেস্ক
আজ ৯ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনীর হাত থেকে দেশের বিভিন্নস্থান মুক্ত হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নেত্রকোনা : শহরের নাগড়া কৃষি ফার্মে পাক-হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে নেত্রকোনা পাক-হানাদার মুক্ত হয়। এ যুদ্ধে তিন মুক্তিযোদ্ধা শহিদ হন। দিবসটিকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
দাউদকান্দি (কুমিল্লা) : এই দিন দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থানরত পাক-সেনাদের ওপর মুক্তিযোদ্ধারা হামলা চালালে তারা নদীপথে ঢাকায় পালিয়ে যায়। মুক্তদিবস উপলেক্ষ্য দাউদকান্দি উপজেলা সদরে মুক্তিযোদ্ধাদের স্মরণে সভার আয়োজন করা হয়েছে।
গফরগাঁও (ময়মনসিংহ) : ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে গফরগাঁও মুক্ত করে।
নাগরপুর (টাঙ্গাইল) : আজকের এই দিনে কাদেরিয়া বাহিনীর কয়েকটি কোম্পানির যৌথ আক্রমণে স্থায়ীভাবে হানাদার মুক্ত হয় নাগরপুর।
পূর্বধলা (নেত্রকোনা) : ৯ ডিসেম্বর পাক-হানাদার বাহিনী জারিয়া-ময়মনসিংহ রেলপথে গৌরীপুর থেকে ট্রেনযোগে পূর্বধলায় প্রবেশ করতে চাইলে মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে পিছু হটে। পড়ে ঢাকায় পালিয়ে যায়।
ত্রিশাল (ময়মনসিংহ) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
