রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানের উত্তরে গহিরা ইউনিয়নের দলই নগরে একটি পুকুর থেকে এক নারী ও দক্ষিণে কদলপুর ইউনিয়নের সোমবাইজ্যা হাট এলাকায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। গতকাল মঙ্গলবার লাশ দুইটি উদ্ধার করা হয়। থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর এলাকায় পদ্মপুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। মৃতের নাম নাছরিন আকতার সুবর্ণা (২৫)। অন্যদিকে, সোমবাইজ্যা হাট এলাকায় একটি স্কুলের পাশে খালের পাড় থেকে জালাল আহমেদের (৬০) লাশ উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, লাশ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
