চুরি করতে এসে ধরা!

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৫

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

ফজরের নামাজের সময় হলো, এ সময় বাড়ির গৃহস্থ ঘরের দরজা খুলে নামাজের ওযু করতে বের হলেন। তখনও পরিবারের লোকজন ঘুমাচ্ছিলেন। কিছুক্ষণ পর গৃহস্থ ঘরে প্রবেশ করেই দেখলেন চোর তার সো-কেসের ড্রয়ার খুলছে, চিত্কার করতেই ড্রয়ারসহ চোর দৌড় দেয়। কিন্তু কপাল মন্দ, বাড়ির আঙ্গিনায় তাকে ধরা খেতে হলো। অতঃপর গণপিটুনি দেওয়া হয় চোরকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে। আটককৃত চোরের নাম জয়নাল (৩২)। তার বাড়ি দুর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়নের রকজোড়া গ্রামে।

পূর্বধলা থানার এসআই মোঃ আব্দুল কাদের জানান, খবর পেয়ে আটককৃত চোরকে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।