সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৫

 

মেট্রোপলিটন পুলিশ সদস্যের সন্তানদের মেধাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুরে কর্মরত পুলিশ সদস্যর সন্তানদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ‘মেধাবৃত্তি-২০২০’ প্রদান করা হয়েছে। সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তন কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ বিপিএম। আরপিএমপি রংপুরের পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২০১৯ সালের পিইসি ও জেএসসি পরীক্ষা এবং ২০২০ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে তাদের মধ্যে এ বৃত্তি দেওয়া হয়। মো. সামিউল আলম পুলিশ পরিদর্শক (ডিবি) প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মোংলায় কৃষক-কৃষানি প্রশিক্ষণ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা মোংলায় মঙ্গলবার দুই দিনব্যাপী কৃষক-কৃষানি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। জৈব সার উত্পাদন, সংরক্ষণ ও ব্যবহার প্রযুক্তি এবং নিরাপদ সবজি উত্পাদন প্রযুক্তি বালাই ব্যবস্থাপনা নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানিদের এ প্রশিক্ষণের আয়োজন করে মোংলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।

কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় মঙ্গলবার কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার চাটমোহরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলা শুরু হয়। উদ্বোধনী দিনে উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পথশিশুদের নিয়ে মিডিয়া ক্যাম্পেইন

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে পথশিশুদের জন্ম নিবন্ধন, আবাসন ও অধিকার সংরক্ষণে প্রশাসন, মিডিয়া ও কমিউনিটির ভূমিকা শীর্ষক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কারিতাস ময়মনসিংহ অঞ্চল এ মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করে। শিশু সুরক্ষা কমিটির সহসভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষ্যে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ।

জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা চাটখিলে সোনাচাকা ইসলামী কালচারাল সেন্ট্রারে মঙ্গলবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। ইসলামিক কালচারাল সেন্টারের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা।

কাবিটা ও টিআর প্রকল্পের চেক বিতরণ

ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমারে ২০২০-২১ অর্থবছরের সমপর্যায়ে নির্বাচনি এলাকাভিত্তিক গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য কাবিটা ও টিআর প্রকল্পের চেক এবং ৫ হাজার ৬০০ কৃষকের মধ্যে বোরো হাইব্রিড জাতের ধানবীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।