বিডিনিউজ সম্পাদকের জামিন কেন বাতিল নয় :হাইকোর্ট

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

দুর্নীতির মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে বিশেষ জজ আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

দুদক কৌঁসুলি বলেন, হাইকোর্ট আগাম জামিনের আদেশে বলেছিল যে, মেরিটে জামিন আবেদন নিষ্পত্তি করতে; কিন্তু বিশেষ জজ আদালত এ বিষয়ে কিছুই উল্লেখ করেননি। শুধু হাইকোর্টের দেওয়া জামিন নিয়মিতকরণের আদেশ দিয়েছে। এ কারণে জামিন বাতিল চাওয়া হয়েছে।

অসাধু উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে গত ৩০ জুলাই দুর্নীতির মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে, তিনি চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উত্স দুদক পায়নি। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ঐ টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়। এই মামলায় গত ২৬ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিডিনিউজ সম্পাদককে আট সপ্তাহের আগাম জামিন দেন। হাইকোর্টের দেওয়া ঐ জামিন আদেশ বহাল রাখে আপিল বিভাগ। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। গত ২৫ নভেম্বর ঐ জামিন স্থায়ী করে আদালত।