সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ২

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৬

বিশেষ প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন প্রচার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে শাহীন সরকার ও মো. মিজানুর রহমান। সোমবার রাতে সাভার থেকে তাদের গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহূত ফেসবুক আইডি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণের সিল, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবের ভুয়া স্বাক্ষর ও সিল সংবলিত চাকরি দেওয়ার অনুমোদনপত্র, বীর মুক্তিযোদ্ধাদের নাম সংবলিত গেজেট, প্রাথমিক শিক্ষকদের নামের তালিকা সংবলিত গেজেট, প্রতারণার কাজে ব্যবহূত মোবাইল ফোন ও পাঁচটি সিম উদ্ধার করা হয়।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশানার মো. নাজমুল ইসলাম জানান, প্রতারকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন প্রচার, বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির প্রলোভনসহ বিভিন্ন সেবা দেওয়ার নামে লোকজনকে আকৃষ্ট করত। এছাড়াও মুক্তিযোদ্ধার সংশোধিত তালিকায় অন্তর্ভুক্তিসহ বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে লোক নেওয়া হবে মর্মে তাদের কাছে পত্র দিত। এক্ষেত্রে খাওয়া ও পোশাক বাবদ, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড বাবদ ও সিকিউরিটি মানির কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। এরূপ ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার সবুজবাগ থানায় মামলা দায়ের করা হয়।

এ মামলার তদন্তকালে বিশেষ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে সাভার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ঘটনায় সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।