দুর্নীতির মামলার অনুসন্ধান ও তদন্ত করবেন দুদকের একই কর্মকর্তা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৬

আইনের বিধি বাতিল প্রশ্নে জারিকৃত রুল খারিজ

ইত্তেফাক রিপোর্ট

দুদকের দায়েরকৃত দুর্নীতির মামলার তদন্ত ও অনুসন্ধান করবেন একই কর্মকর্তা। দুদকের একই কর্মকর্তা দিয়ে মামলার অনুসন্ধান ও তদন্তের বৈধতা প্রশ্নে জারিকৃত রুল গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। রায়ের পর দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, রুল খারিজ করে দিয়ে হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়েছে। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে এটা জানা যাবে। এ রায়ের ফলে একই কর্মকর্তা দ্বারা মামলার অনুসন্ধান ও তদন্তে আইনগত কোনো বাধা থাকল না। তিনি বলেন, দুদকের অনুসন্ধান কর্মকর্তা অভিযোগের অনুসন্ধান করে মেমো অব অ্যাভিডেন্স জমা দেন। এরপর তা কমিশনের লিগ্যাল উইংয়ে যায়। এরপর কমিশন অনুমোদন করলে এজাহার দাখিল করা হয়। নিয়োগ হয় তদন্ত কর্মকর্তা।

তদন্ত কর্মকর্তা মামলার অভিযোগ তদন্ত করে মেমো অব অ্যাভিডেন্স জমা দেন। এটাও কমিশনের অনুমোদন লাগে। কমিশন সন্তুষ্ট হলে তখন অভিযোগপত্র দাখিল করা হয়। তাই একই ব্যক্তি অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তা হলেও যা ইচ্ছা তা করার সুযোগ নেই। দুদকের মামলাগুলো হয় বেজড অন ডকুমেন্টের ওপর। এসব দালিলিক তথ্য-প্রমাণের মাধ্যমে মামলাটি আদালতে প্রমাণ করতে হয়।