যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত গাতিপাড়া গ্রামের বেতনা নদীর সেতু দীর্ঘদিন হলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। বৃহত্তর বাজার ও উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম স্থান নাভারণকে কেন্দ্র করে রাস্তাটি যশোর-বেনাপোল মহাসড়কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এটি। অথচ এই ধসে যাওয়া সেতুর জন্য চলাচল প্রায় বন্ধ হতে চলেছে। ভারী যানবাহন চলাচল অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছে। নিরুপায় এলাকাবাসী ধসে যাওয়া সেতুর ওপর কাঠ ও বাঁশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোনোরকম পারাপার হচ্ছেন। এর মধ্যে একাধিক দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন। সেদিনও একটা ভ্যানগাড়ি সেতু থেকে বেতনা নদীতে পড়ে গেল। এমন ঘটনা প্রায়ই ঘটছে। শোনা যায়, বাজেটের আশ্বাস নাকি দিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু কাজের অগ্রগতি শূন্য। কবে নাগাদ কাজ শুরু হবে, কারো জানা নেই।
অন্যদিকে একই রাস্তার কাজিরবেড় গ্রামে আরেকটি সেতুও প্রায় অকেজো হয়ে পড়েছে। কয়েকমাস আগে নামমাত্র সংস্কার করা হলেও, সেটা এখন প্রায় ধ্বংসের পথে। সবমিলিয়ে এই রাস্তার অন্তর্গত বিশটিরও বেশি গ্রামের মানুষ পোহাচ্ছেন চরম দুর্ভোগ। জনসাধারণের যাতায়াতের দুর্ভোগ লাঘবে দ্রুত নতুন সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আশিকুর রহমান, শার্শা, যশোর
