ফটকের সামনে ডাস্টবিন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার লাখো মানুষের ভরসার স্থান। উপজেলার নতুন বাজার এলাকায় চার রাস্তার মোড়ে জেলা সড়কের কোল ঘেঁষে হাসপাতালটির অবস্থান। প্রতিদিন শত শত মানুষের পদচারণায় মুখর থাকে এই হাসপাতাল প্রাঙ্গণ। এছাড়া হাসপাতালের সামনের সড়কটি উপজেলা থেকে সরাসরি জেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তা হওয়ায় হাজারো মানুষকে এই চার রাস্তার মোড়ে অবস্থান করতে হয়। প্রতিদিন সকালবেলা এই মোড়ে কাঁচাবাজারও বসে। এমনই কোলাহলপূর্ণ স্থানে হাসপাতালের মূল ফটকের পাশেই গড়ে উঠেছে এক ডাস্টবিন। যার ফলে রোগী থেকে সাধারণ মানুষ সবাইকে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে চলাচল করতে হয়। কিছুদিন আগেও ডাস্টবিনের অবস্থান হাসাপাতালের মূল ফটকের ছয়-সাত মিটার দূরে থাকলেও বর্তমানে ডাস্টবিনের পরিধি ক্রমেই বৃদ্ধি পেয়ে ফটকের কাছে চলে আসছে। মানববর্জ্য থেকে শুরু করে গৃহস্থালির বর্জ্য এমনকি কাঁচাবাজারের বর্জ্যও এখানে স্থান পাচ্ছে। এসব আবর্জনা পচে বায়ু দূষিত করছে। এ অবস্থায়, অতি দ্রুত ঐ স্থান থেকে ডাস্টবিন অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করতে প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. আফসারুল আলম মামুন

বানিয়াকাজী, মুক্তাগাছা, ময়মনসিংহ