বিগত আট-নয় বছর ধরে দেখা যাচ্ছে, বার কাউন্সিল কর্তৃপক্ষ অ্যাডভোকেটশিপ পরীক্ষা অনিয়মিতভাবে নিচ্ছেন। পাঁচ বছরের পরীক্ষায় দুবারের বেশি পরীক্ষা দেওয়া যায় না। হঠাত্ করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন আইন বিষয়ে যেসব শিক্ষার্থীর কোর্সের ডিউরেশন স্বল্পতা রয়েছে, তাদেরকে রেজিস্ট্রেশন কিংবা পুনঃরেজিস্ট্রেশন দেওয়া হবে না। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়ায় বিপুল সংখ্যক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। কোর্স ডিউরেশন সম্পন্ন না হলে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্টিফিকেট ইস্যু করতে পারেন না। বর্তমান সময়ে যাঁরা আইন বিষয়ে লেখাপড়া করছেন, তাঁদের ভর্তি হওয়া থেকে শুরু করে পাশ করা পর্যন্ত বার কাউন্সিল কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক সব তথ্য আপডেট করা হয়। এ ধরনের আদেশের আগেই আমরা পাশ করেছিলাম। এ অবস্থায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরানো শিক্ষার্থীদের বিষয়ে যে তথ্য দিয়েছিলেন তা বিস্তারিত (ডিটেলস) ছিল না। যেমন, একজন ছাত্র ক্রেডিট ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দুই বছরের কোর্স সম্পন্ন করেছিলেন। এখানে ভর্তির বিষয়ে বার কাউন্সিল কর্তৃপক্ষ অবশ্যই ডিটেলস তথ্য নিতে পারেন। আশা করি বার কাউন্সিল কর্তৃপক্ষ যথাযথ তথ্য সংগ্রহ করে বিষয়টি পুনঃবিবেচনা করবেন। নতুবা শিক্ষার্থীদের বড় ধরনের ক্ষতি হবে। তাই বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন— রেজিস্ট্রেশন ও পুনঃরেজিস্ট্রেশন দেওয়া হোক।
সামিয়া বেগম
সারুলিয়া, ডেমরা, ঢাকা ১৩৬১
