ইত্তেফাক রিপোর্ট
কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে আরো ৫ কোটি ডলার (৪৫ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চলমান ‘মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ ঋণের অর্থ বিতরণ করা হবে। এই প্রকল্পের আওতায় পিকেএসএফ ইতিমধ্যে তাদের ৭৭টি সহযোগী সংস্থার মাধ্যমে সারা দেশের ৩৯ হাজার ৫৮০টি ক্ষুদ্র উদ্যোগে অর্থায়ন করেছে। এর ফলে গ্রামীণ এলাকায় ৯১ হাজার ৪৩০ জনের কর্মসংস্থান হয়েছে। এডিবি আশা করছে, নতুন ঋণের অর্থে পিকেএসএফ কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত আরো ৩০ হাজার ক্ষুদ্র উদ্যোগে অর্থায়ন করতে পারবে, যেগুলোর ৭০ শতাংশ নারীর দ্বারা পরিচালিত। এ বিষয়ে এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জোছনা ভার্মা উল্লেখ করেছেন, চলমান প্রকল্পে বাড়তি অর্থায়নের ফলে গ্রামীণ অর্থনীতিতে তারল্য সরবরাহ বাড়বে।
