বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় অল্পের জন্য বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস। ঘটনার সময় গেট খোলা পেয়ে প্রায় অর্ধশত যানবাহন রেলগেট চত্বরে ঢুকে পড়ে। একই সময় স্টেশন থেকে ছেড়ে গেটের কাছে চলে আসে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস। এ সময় গেট এলাকায় লোকজন চিৎকার শুরু করলে লাইনের ওপর থাকা একটি ট্রাক লাইন থেকে সরে যাওয়া মাত্র ট্রেনটি ওই স্থান অতিক্রম করে। এতে অল্পের জন্য রক্ষা পায় আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ও রেলগেট এলাকায় থাকা সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সান্তাহার স্টেশন থেকে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন ও সাধারণ মানুষ কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেয়েছে। ঘটনার সময় রেলগেটের দুই পাশে থাকা দুই গেটম্যানকে খুঁজে পাওয়া যায়নি।
রেলগেট এলাকার কয়েকজন দোকানদার জানান, রেলগেটের গেটম্যানরা সেখানকার অবৈধ দোকানপাট থেকে চাঁদা তোলার কাজে ব্যস্ত থাকায় সঠিকভাবে তাদের ওপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন না করায় প্রায় এই ধরনের ঘটনা ঘটছে।
আরও পড়ুন: তারাগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের কাজ পরিদর্শনে রংপুর জেলা প্রশাসক
বিষয়টি নিয়ে সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান ফোনে বলেন, বিষয়টি কেউ জানাননি। এ সময় তিনি জয়পুরহাট স্টেশনের দায়িত্ব পালন করছিলেন।
ইত্তেফাক/এসি
